কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে প্রবল বর্ষণের সম্ভাবনা, লাল-কমলা সতর্কতা জারি

নিউজ ফ্রন্ট, কলকাতা, ২৪ জুলাই:
দক্ষিণবঙ্গ জুড়ে আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ এমনই সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। পূর্বাঞ্চলীয় উপ-মহানির্দেশক ডঃ সোমনাথ দত্ত জানিয়েছেন, কলকাতায় কাল দিনভর ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা হুগলী জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এইসব জেলায় ৭০-১১০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ডঃ দত্ত জানান, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ নিম্নচাপে পরিণত হচ্ছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের উপর দিয়ে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। ফলে, আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

সতর্কতা পরামর্শ:

  • নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে।
  • মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
  • সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বেরনোর জন্যও পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দফতর ইতিমধ্যেই নজরদারি বাড়িয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *