কলকাতা, ২ জুলাই: পশ্চিমবঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি পদে একমাত্র মনোনয়নপত্র পেশ করেছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। আজ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময়সীমায় আর কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় সর্বসম্মতিক্রমেই তিনি নির্বাচিত হবেন বলে নিশ্চিত হয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে।
সল্টলেকের রাজ্য বিজেপি কার্যালয়ে শমীক ভট্টাচার্যের সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত ছিলেন বর্তমান রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মনোনয়ন পেশের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, “রাজ্য সভাপতি পদে মনোনয়ন একজনই পেশ করবেন। বিজেপি দলে সর্বসম্মতিক্রমে এই মনোনয়ন পেশ করা হবে।” তাঁর এই পূর্বাভাস সত্য প্রমাণিত হয়েছে।
এই নির্বাচনকে ঘিরে সল্টলেকের বিজেপি কার্যালয় বিশেষভাবে সাজানো হয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি সুনীল বানসাল, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, নির্বাচনী আধিকারিক দীপক বর্মন সহ দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।
বিদায়ী রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার দূরদর্শনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “রাজ্যে কঠিন সময়ের মধ্য দিয়ে দল একটি উল্লেখযোগ্য জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে নতুন রাজ্য সভাপতি দলকে আরও এগিয়ে নিয়ে যাবেন।”
তিনি আশা প্রকাশ করেন যে নতুন নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিজেপি আরও শক্তিশালী হয়ে উঠবে এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শমীক ভট্টাচার্য যদি আগামীকাল আনুষ্ঠানিকভাবে রাজ্য সভাপতি নির্বাচিত হন, তাহলে পশ্চিমবঙ্গ বিজেপির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।