জম্মু-কাশ্মীরে চেনাব নদীর উপর তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু — যা আইফেল টাওয়ার থেকেও ৩৫ মিটার উঁচু। ৬ জুন সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি, ৪ জু্নঃ
দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে জম্মু-কাশ্মীরে। ৬ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু — চেনাব ব্রিজ।
এই আর্চ-টাইপ সেতুটি তৈরি হয়েছে রেয়াসি জেলার বক্কাল ও কাউরি গ্রামের মাঝে, চেনাব নদীর উপরে। নদীর তলদেশ থেকে সেতুর উচ্চতা ৩৫৯ মিটার (১১৭৮ ফুট), যেটি প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার উঁচু।
এই সেতু কাটরা ও বানিহালকে রেলপথে যুক্ত করবে এবং এটি উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল প্রকল্পের (USBRL) অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
এই সেতুর বিশেষত্ব হল এটি ২৬০ কিমি/ঘণ্টা গতিবেগের হাওয়া সহ্য করতে পারে।এটি প্রায় ১২০ বছর স্থায়িত্বের জন্য তৈরি। অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়।
প্রধানমন্ত্রী মোদী এই ঐতিহাসিক রেল যোগাযোগের সূচনা করে জম্মু-কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের দ্বার খুলতে চলেছেন।