“পুলিশ দেখলেই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী, বাংলায় পুলিশ তো গুন্ডাদের পাহারাদার!” -জঙ্গিপুরে দাঁড়িয়ে মমতাকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি, জঙ্গিপুর: আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে সোমবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিজেপির ‘বুথ বিজয় অভিযান’ কর্মসূচিতে যোগ দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুথ স্তরের কর্মীদের নির্বাচনী রণকৌশল শেখানোর পাশাপাশি এদিন তিনি রাজ্যের আইনশৃঙ্খলা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে অত্যন্ত কড়া ভাষায় সমালোচনা করেন।

দিলীপ ঘোষ এদিন দাবি করেন, রাজ্যে বড় ধরনের বিপর্যয়ে যখন সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী ব্যস্ত নিজের ক্ষমতা ও ঘনিষ্ঠদের বাঁচাতে। তিনি বলেন, ৫০-এর বেশি মানুষ মারা গেলেন, সেখানে যাওয়ার সময় নেই মুখ্যমন্ত্রীর। তাঁর এখন বড় চিন্তা—সরকার বাঁচাবেন, না কি দল বাঁচাবেন, না কি মোমো ফ্যাক্টরির মালিককে বাঁচাবেন? উনি এখন সরকার বাঁচাতে দিল্লি গিয়েছেন, সাধারণ মানুষের কথা ভাবার সময় ওঁর নেই।”

দিল্লির বঙ্গভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান এবং সেখানে পুলিশি নিরাপত্তা নিয়ে দিলীপ ঘোষ ব্যঙ্গ করে বলেন, মুখ্যমন্ত্রী এখন পুলিশ দেখলে ভয় পাচ্ছেন। আসলে বাংলায় তো পুলিশ দেখাই যায় না। এসআইআর ভেরিফিকেশনের নামে যখন আমাদের কর্মীদের ওপর মারধর চলে, তখন আইজি, ডিজি বা এসপি—কাউকেও খুঁজে পাওয়া যায় না। সুপ্রিম কোর্ট সুরক্ষা দিতে বললেও বাংলার পুলিশ গুন্ডাদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে পারে না। অথচ বাংলার বাইরে গেলেই পুলিশ দেখে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী। আসলে দিল্লিতে পুলিশ অনেক বেশি দক্ষ ও দোরস্ত।”

এদিন জঙ্গিপুরে দিলীপ ঘোষ স্পষ্ট করে দেন যে, তৃণমূলের ‘সন্ত্রাস’ রুখতে বুথ স্তরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত এবং বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষ সব দেখছে এবং সঠিক সময়ে জবাব দেবে বলে তিনি হুঙ্কার দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *