কলকাতা, ২০ আগস্ট:
ভারতীয় ফুটবলের ইতিহাসে এক কিংবদন্তি নাম গোষ্ঠ পাল। আজ তাঁর ১২৯-তম জন্ম দিবস নানা অনুষ্ঠান এবং শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হলো কলকাতায়।
এই উপলক্ষে কলকাতা ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারী, ফুটবলার দিপেন্দু বিশ্বাস সহ বহু ক্রীড়াবিদ ও প্রাক্তন খেলোয়াড়। তাঁরা কিংবদন্তি ফুটবলারের মূর্তিতে মাল্যপর্ন করে শ্রদ্ধা জানান।
ফুটবল সংগঠন ও ক্রীড়া মহলও এদিন একত্রিত হয়। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA), বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন (BOA), ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) এবং কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবসমূহ—মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকেও কিংবদন্তি গোষ্ঠ পালের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
ভারতীয় ফুটবলের ইতিহাসে গোষ্ঠ পালকে বলা হয় “চীনের প্রাচীর”। দেশভাগের আগে থেকেই ভারতীয় ফুটবলকে বিশ্বমঞ্চে তুলে ধরতে তাঁর অবদান অপরিসীম। বিশেষ করে ব্রিটিশ শাসনের সময়ে মাঠে তাঁর লড়াই ও নেতৃত্ব ফুটবলপ্রেমীদের মনে আজও অম্লান।
আজকের এই দিনটি কেবল একজন কিংবদন্তি খেলোয়াড়কে স্মরণ করারই নয়, বরং নতুন প্রজন্মকে তাঁর আদর্শে অনুপ্রাণিত করারও একটি সুযোগ হয়ে উঠেছে।
