নিজস্ব সংবাদদাতা, বর্ধমান/রানিগঞ্জ: গত নভেম্বর মাসে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছিলেন রানিগঞ্জের গির্জাপাড়ার বাসিন্দা রেখারাণী মণ্ডল (৬০)। দীর্ঘ তিন মাসের আইনি লড়াই ও তদন্তের পর, আজ আদালতের অনুমতি ক্রমে তাঁর প্রিয় অলঙ্কারটি তাঁর হাতে তুলে দিল রেল পুলিশ। পুলিশের এই সততা ও কর্মতৎপরতায় খুশির জোয়ার রেখারাণী দেবীর চোখেমুখে।
গত নভেম্বর মাসে রানিগঞ্জ রেল স্টেশনের প্ল্যাটফর্মে দুর্গাপুর যাওয়ার জন্য ডাউন আসানসোল-বর্ধমান লোকাল ধরছিলেন রেখারাণী দেবী। ভিড়ের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা তাঁর গলা থেকে ১৮ ইঞ্চি লম্বা একটি সোনার হার (প্রায় ১ ভরি) ছিনতাই করে চম্পট দেয়। এই ঘটনায় অণ্ডাল জিআরপি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তের ভার নেন রানিগঞ্জ জিআরপি ফাঁড়ির ইন-চার্জ অজয় মজুমদার।
চুরির দিনেই বর্ধমান রেল স্টেশনে টহল দেওয়ার সময় লেডি সাব-ইন্সপেক্টর সুদেষ্ণা সাহু এবং তাঁর টিমের নজরে আসে দুই যুবক, যারা প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদের আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় সেই সোনার হারটি। যে ২জন কে ধরা হয়েছে তারা হল অরূপ মণ্ডল (৩০) এবং সাইফুদ্দিন সেখ ওরফে বিদ্যা (৩৩)। এই নিয়ে বর্ধমান জিআরপি থানায় আলাদা একটি মামলা রুজু করা হয়। পরে পুলিশি রিমান্ডে থাকাকালীন ধৃতরা রানিগঞ্জের সেই চুরির কথা কবুল করে। রেখারাণী দেবীও হারটি শনাক্ত করেন।
সমস্ত আইনি ধাপ পেরিয়ে আজ আদালতের অনুমতিক্রমে অণ্ডাল ও বর্ধমান জিআরপি-র উচ্চপদস্থ আধিকারিকরা হারটি আনুষ্ঠানিকভাবে রেখারাণী মণ্ডলের হাতে ফিরিয়ে দেন। হার ফিরে পেয়ে আপ্লুত বৃদ্ধা রেল পুলিশের দুই থানার প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন।