অন্ধ্রপ্রদেশে শীর্ষ মাওবাদী নেতা-সহ ৯ জনের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মূলস্রোতে ফেরার লক্ষ্যে এবার পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন অন্ধ্রপ্রদেশের দুর্ধর্ষ মাওবাদী নেতা চেল্লুরি নারায়ণ রাও ওরফে সুরেশ। তাঁর সঙ্গে আরও ৮ জন ক্যাডারও এদিন অস্ত্রত্যাগ করেন। অন্ধ্রপ্রদেশের পুলিশের মহানির্দেশক (DGP) হরিশ কুমার গুপ্তার উপস্থিতিতে এই আত্মসমর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মসমর্পণকারী প্রবীণ মাওবাদী নেতা সুরেশের বিরুদ্ধে একাধিক নাশকতামূলক কাজের অভিযোগ ছিল। তাঁর গতিবিধি রুখতে সরকার আগেই ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল। দীর্ঘদিনের লড়াই ছেড়ে এদিন তিনি এবং তাঁর ৮ সঙ্গী ডাইরেক্টরেট জেনারেল অফ পুলিশের সামনে নিজেদের অস্ত্র তুলে দেন।

আত্মসমর্পণ অনুষ্ঠানে মাওবাদীদের ব্যবহৃত ১৯টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অপারেশনাল টিম। এর মধ্যে রয়েছে INSAS রাইফেল, SLR (Self-Loading Rifle), .303 রাইফেল, BGL (Barrel Grenade Launcher)।

রাজ্য সরকারের আত্মসমর্পণের নীতি অনুযায়ী, মূলস্রোতে ফিরে আসা এই প্রাক্তন মাওবাদীদের জন্য পুরস্কার এবং তাৎক্ষণিক আর্থিক ত্রাণ ঘোষণা করা হয়েছে। তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছে প্রশাসন।

ডিজিপি হরিশ কুমার গুপ্তা এই সাফল্যের জন্য এসআইবি (SIB), গ্রেহাউন্ডস (Greyhounds) এবং জেলা পুলিশের বিশেষ প্রশংসা করেছেন। তিনি দাবি করেন, পুলিশের লাগাতার অভিযানের জেরে অন্ধ্রপ্রদেশে বর্তমানে কোনো ‘আন্ডারগ্রাউন্ড’ মাওবাদী ক্যাডার অবশিষ্ট নেই। অর্থাৎ রাজ্যে মাওবাদী সক্রিয়তা এখন কার্যত শূন্যে পৌঁছে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *