ভোটার তালিকা নির্ভুল করতে সুপ্রিম নির্দেশ; মুর্শিদাবাদে জেলা প্রশাসনের সঙ্গে বিচারকদের মেগা বৈঠক

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: ভোটার তালিকা যাচাই বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে সুপ্রিম কোর্টের নির্দেশে বড়সড় পদক্ষেপ নেওয়া হলো মুর্শিদাবাদে। রবিবার সকালে বহরমপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে এক দীর্ঘ বৈঠক করলেন জেলা ও দায়রা বিচারকসহ অন্যান্য বিচারকেরা।

সুপ্রিম কোর্ট এবার ভোটার তালিকা যাচাইয়ের গুরুদায়িত্ব দিয়েছে বিচারকদের ওপর। সেই নির্দেশ মেনেই এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা ও দায়রা বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকেরা। প্রশাসনের পক্ষ থেকে ছিলেন জেলাশাসক নীতিন সিংঘানিয়া, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং অন্যান্য আধিকারিকেরা। মূলত যে সকল ভোটারদের শুনানির পর তথ্য যাচাইয়ের কাজ চলছে, তাঁদের নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তথ্য আদান-প্রদান এবং প্রশাসনিক স্তরে কোথাও কোনো ফাঁক থাকছে কি না, তা খতিয়ে দেখেন বিচারকেরা।

শুধুমাত্র বৈঠক কক্ষেই সীমাবদ্ধ থাকেনি এই তৎপরতা। সার্কিট হাউসের আলোচনা শেষে বিচারক ও প্রশাসনের প্রতিনিধিরা সরাসরি বহরমপুর ব্লকে পৌঁছান। সেখানে এসআইআর-এর কাজ বর্তমানে ঠিক কী অবস্থায় রয়েছে এবং ভোটারদের তথ্য কীভাবে সংগৃহীত হচ্ছে, তা সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা। নির্বাচনের আগে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করাই এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *