কামব্যাকে নিজেকে প্রমাণ করতে মরিয়া সুনীল

নিজস্ব প্রতিনিধিঃ টানা দু’বার এএফসি এশিয়ান কাপের মূলপর্বে অংশ নিয়ে দেশের ফুটবল ইতিহাসে এক নয়া মাইলফলক স্থাপন করেছে ভারত। এ বার এক নতুন লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ভারতীয় ফুটবল দল। টানা তৃতীয় বার এশিয়ান কাপের মূলপর্বে খেলে নয়া নজির গড়তে চায় তারা। সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্য নিয়েই অবসর ভেঙে ফের ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন তিনি। দলকে সেই লক্ষ্যে পৌঁছে দিয়েই উদ্দেশ্য সফল করতে চান সুনীল ছেত্রী। তবে শুধু এই এশিয়ান কাপ নয়, সুনীল চান, এখন থেকে প্রতিটি এশিয়ান কাপের মূলপর্বে খেলুক ভারত। “

তাঁর মতে, “প্রতিটি এশিয়ান কাপে আমাদের যোগ্যতা অর্জন করা উচিত, এটি বাধ্যতামূলক। তবে আমি ছেলেদের বা দলের উপর চাপ দিতে চাই না। এক একটি ম্যাচ ধরে ধরে এগোতে হবে। হংকং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, ভারতের জন্য এশিয়ান কাপে খেলা ন্যূনতম চাহিদা হওয়া উচিত, যেন আমরা এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে নিজেদের তুলনা করতে পারি এবং প্রমাণ করতে পারি যে আমরা উন্নতি করছি”। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক একান্ত সাক্ষাৎকারে সুনীল এই কথাগুলি বলেন।প্রস্তুতি নিয়ে ভারতীয় ফুটবল কিংবদন্তি বলেন, “প্রথম পাঁচ দিন শারীরিক দিক নিয়ে বেশি কাজ হয়েছে। কোচ বলেছেন, অনেক খেলোয়াড় এসেছে ভিন্ন ভিন্ন শারীরিক অবস্থা নিয়ে। প্রথম কয়েক দিন সবার ফিটনেস সমান স্তরে আনতে গিয়ে ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়। ছেলেরা সবাই ভাল খেলা দেখাচ্ছে। সবাই বেশ চটপটে আর আত্মবিশ্বাসী। আমরা কিছু ভিডিও সেশনও করেছি, যেখান থেকে অনেক কিছু শেখার ছিল। সব কিছু ঠিকঠাকই আছে”।”

২৮ মে ভারতীয় দল থাইল্যান্ডে যাবে। সেখানে তারা আরও কয়েক দিন অনুশীলন করবে এবং ৪ জুন থাম্মাসাত স্টেডিয়ামে আয়োজক দেশের বিরুদ্ধে খেলবে। এর পর তারা হংকংয়ে যাবে বাছাই পর্বে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে। সুনীল মনে করেন, শারীরিক এবং টেকনিক্যাল প্রস্তুতির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক খেলা। “

সুনীল বলেন, “কোচের হাতে কিছুটা সময় আছে পরিকল্পনা তৈরির জন্য। আমাদের খেলোয়াড়দের নিশ্চিত করতে হবে আমাদের পরিকল্পনা নিয়ে যেন সবার মধ্যে বোঝাপড়া থাকে এবং সেটি বাস্তবায়নের যথাসাধ্য চেষ্টা করতে হবে। বাংলাদেশ ম্যাচে আমরা খেলাটাই ঠিকমতো খেলতে পারিনি। সব প্রস্তুতি, টেকনিক্যাল দিক—এসব সত্ত্বেও, আমাদের মাঠে সঠিক খেলাটা খেলতে হবে এবং সবটুকু উজাড় করে দিতে হবে। আমরা হংকংয়ের কিছু ফুটেজ দেখেছি। আরও দেখব। তবে এখন আমরা নিজের দলের ব্যাপারে বেশি ভাবছি, পরে প্রতিপক্ষের খেলা বিশ্লেষণ করব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *