নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি, ১৬ মার্চ :
পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ভারতে এলপিজি (LPG) গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। সরকারের প্রস্তুতি ও বিভিন্ন স্বস্তিমূলক পদক্ষেপের ফলে দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি।
সরকারি তথ্য অনুযায়ী, রবিবার সারা দেশে প্রায় ৭৭ লক্ষ LPG বুকিং নথিভুক্ত হয়েছে। এর আগে ১৩ মার্চ এই সংখ্যা ছিল ৮৮.৮ লক্ষ। বুকিংয়ের এই হ্রাসকে সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।
এদিকে গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহারের প্রবণতা বাড়ছে। আগে যেখানে অনলাইন LPG বুকিংয়ের হার ছিল প্রায় ৮৪ শতাংশ, বর্তমানে তা বেড়ে ৮৭ শতাংশে পৌঁছেছে। নাগরিকদের আরও বেশি করে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বুকিং করার পরামর্শ দিয়েছে সরকার।

সরকার জানিয়েছে, যেসব গ্রাহকের বাড়িতে পাইপলাইনের মাধ্যমে PNG (Piped Natural Gas) সরবরাহ রয়েছে, তাদের LPG সংযোগ ফেরত জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে অন্য গ্রাহকদের জন্য LPG সিলিন্ডারের প্রাপ্যতা বাড়বে। পাশাপাশি নাগরিকদের যেখানে সম্ভব সেখানে PNG ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।
দেশজুড়ে গ্যাসের মজুতদারি বা কালোবাজারি রুখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। অন্য রাজ্যগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে।

এছাড়া বন্দরগুলিতে জাহাজের চলাচল ও পণ্য পরিবহণের উপরও বিশেষ নজর রাখা হচ্ছে যাতে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা না হয়।
পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে ওই অঞ্চলে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলিও ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু রেখেছে। প্রয়োজনে ভারতীয় নাগরিকদের সহায়তা দেওয়ার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকারের দাবি, এই সব পদক্ষেপের ফলে দেশে LPG সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না এবং সাধারণ মানুষ সময়মতো গ্যাস সিলিন্ডার পেতে পারবেন।