নিউজ ফ্রন্ট ডেস্ক | কলকাতা | ১ জুন ২০২৫ ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক, বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নতুন কিছু নয়। কখনও রাজনীতির সঙ্গে তাঁর দূরত্ব, কখনও কোনো বিতর্কিত ব্যক্তির সঙ্গে ছবি—সৌরভ ও তাঁর পরিবারকে নিয়মিত নানা সমালোচনার মুখে পড়তে হয়। সম্প্রতি এমনই এক ভাইরাল ছবি ঘিরে আলোড়ন তৈরি হয়।এই মুহূর্তে খবরের শিরোনামে বীরভূমের কুখ্যাত কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল। বোলপুর থানার IC লিটন হালদারকে ফোনে যে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন অনুব্রত, তা নিয়ে গোটা দেশে নিন্দার ঝড় চলছে। এই জেল খাটা আসামি (জামিন পেলেও মামলা বিচারাধীন ) অনুব্রতর সঙ্গে এক মঞ্চে সৌরভ গাঙ্গুলিকে বোলপুরে দেখা গিয়েছে গত ১৮ মে, বোলপুরে। প্রশ্ন উঠছে, সৌরভ গাঙ্গুলির মত ইন্টারন্যাশনাল সেলিব্রিটি শেষে কিনা অনুব্রতর সঙ্গে এক মঞ্চে? সেই প্রসঙ্গে এবার সাংবাদিকদের প্রশ্নের উত্তর ও দিলেন মহারাজের ভঙ্গিতে ।

সাম্প্রতিক সময়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সঙ্গে একই মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতির একটি ছবি ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয় রাজনৈতিক মহলে নানা জল্পনা এবং আলোচনা। তবে শনিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে সৌরভ পরিষ্কার জানিয়ে দেন, এই ধরণের বিতর্ক বা মন্তব্য নিয়ে তিনি মোটেই মাথা ঘামান না।
সৌরভ বলেন,
“অনেকে অনেক কথা বলতেই পারে। ওসব আমাকে স্পর্শ করে না। আমি ওসব কথা নিয়ে ভাবিই না। আমি পাবলিক ফিগার। আমাকে হাজার জায়গায় যেতে হয়, হাজার মানুষের সঙ্গে কথা বলতে হয়, মঞ্চে থাকতে হয়।”
তিনি আরও যোগ করেন,
“আমার কাছে অন্যের কথা ম্যাটার করে না। আমাকে নিয়ে কে কথা বলছে, কেন বলছে, এসব প্রশ্নের উত্তর আমার কাছে থাকে না। আমি খেলাধুলোর লোক। কথা বলতে হলে, প্রশ্ন করতে হলে খেলা নিয়ে করুন — আমি উত্তর দিতে পারব।”
এই বক্তব্যের মাধ্যমে একদিকে যেমন ট্রোলিংকে পাত্তা না দেওয়ার বার্তা দিলেন সৌরভ, তেমনই তার অবস্থান স্পষ্ট করলেন তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। ট্রোলের ঊর্ধ্বে উঠে ‘মহারাজ’ যেন নিজের স্থির নেতৃত্বগুণকেই আবার প্রমাণ করলেন।
এদিন সাংবাদিকরা সৌরভ জিজ্ঞেস করেন, কিছুদিন আগে চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা তাঁর বাড়িতে গিয়েছিলেন কিন্তু আপনার দেখা পাওয়া যায় নি। সে প্রসঙ্গে সৌরভ বলেন,
“আমি চাইব তাঁদের চাকরি হোক। তাঁদের চাকরির ব্যবস্থা হোক।”এই মন্তব্যের মাধ্যমে বাংলার ‘দাদা’ এক মানবিক সুরে শিক্ষকদের পাশে থাকার বার্তা দিলেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু খেলার ময়দানেই নেতা নন, বাস্তব জীবনের ক্ষেত্রেও তিনি দৃঢ়চেতা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোল, গুজব বা রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা প্রায়শই হয়। এমনকি তাঁর পরিবারকেও এসব বিতর্কে জড়ানো হয়েছে একাধিকবার। কিন্তু সব বিতর্কের ঊর্ধ্বে উঠে নিজের অভিজাত অবস্থান বজায় রাখেন মহারাজ। বারবার বুঝিয়ে দেন, তিনি ‘দাদা’—একটা নাম, একটা দায়িত্ব, একটা মূল্যবোধ।