নতুন জেলাশাসক হিসেবে ব্যাটন ধরলেন সুরেন্দ্র কুমার মিনা

নিজস্ব প্রতিবেদন, বহরমপুর: জল্পনার অবসান ঘটিয়ে আজ মুর্শিদাবাদ জেলা কালেক্টরেটে সম্পন্ন হলো জেলাশাসক পদের দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া। বিদায়ী জেলাশাসক নীতিন সিংহানিয়া আজ আনুষ্ঠানিকভাবে তাঁর উত্তরসূরি সুরেন্দ্র কুমার মিনার হাতে মুর্শিদাবাদের প্রশাসনিক দায়িত্ব তুলে দিলেন। গত রাতে নবান্ন থেকে আকস্মিক বদলির নির্দেশ আসার পর আজ বিকেলেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়।শনিবার দুপুরে বহরমপুরে জেলাশাসকের দপ্তরে পৌঁছান নবনিযুক্ত জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা (IAS)। সেখানে তাঁকে স্বাগত জানান বিদায়ী জেলাশাসক নীতিন সিংহানিয়া। এরপর প্রথা মেনে সই-সাবুদ এবং ফাইল হস্তান্তরের মাধ্যমে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক প্রধানের ব্যাটন সুরেন্দ্র কুমার মিনার হাতে তুলে দেওয়া হয়।

আজকের এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ার সমান্তরালে জেলা জুড়ে তীব্র চর্চা শুরু হয়েছে নীতিন সিংহানিয়ার স্বল্প মেয়াদ নিয়ে। উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসের শেষ দিকে তিনি মুর্শিদাবাদের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু ৫ মাস পূর্ণ হওয়ার আগেই এই আকস্মিক বদলি সাধারণ মানুষ তো বটেই, এমনকি প্রশাসনিক মহলের একাংশকেও অবাক করেছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে কেন এই পরিবর্তন, তা নিয়ে বহরমপুরের অলিতে-গলিতে এখন একটাই প্রশ্ন—”এত তাড়াতাড়ি কেন?”নতুন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এর আগে আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের মতো জেলায় সাফল্যের সঙ্গে ডিএম-এর দায়িত্ব সামলেছেন। এছাড়া তিনি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA)-র সিইও হিসেবেও কাজ করেছেন। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে মুর্শিদাবাদের মতো বড় জেলার দায়িত্ব তাঁর কাঁধে তুলে দিয়ে নবান্ন আসলে অভিজ্ঞতার ওপরই ভরসা রাখল বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *