SIR প্রকল্পে নির্ভুল ভোটার তালিকা তৈরিতে জোর, বহরমপুরে বি.এল.ও.দের প্রশিক্ষণে এসডিও শুভঙ্কর রায়

কাজে ভয় নয়, সংবিধানের সুরক্ষার মধ্যেই দায়িত্ব পালন করুন”   বার্তা এসডিওর

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর | ২ নভেম্বর, ২০২৫

বহরমপুর রবীন্দ্র সদনে আজ রবিবার অনুষ্ঠিত হলো ৭২ নম্বর বহরমপুর বিধানসভার অধীনে নিযুক্ত বি.এল.ও. (Booth Level Officer) ও সুপারভাইজারদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।
দু’দফায় আয়োজিত এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বহরমপুর মহকুমাশাসক (এসডিও) শুভঙ্কর রায়, যিনি SIR প্রকল্পের আওতায় ভোটার তালিকা হালনাগাদ ও সংশোধন সংক্রান্ত দায়িত্ব সম্পর্কে বিস্তারিত নির্দেশ দেন।

প্রশিক্ষণ সভায় এসডিও শুভঙ্কর রায় জানান, “এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। নতুন ভোটার অন্তর্ভুক্তি ও পুরনো তথ্য সংশোধনের ক্ষেত্রে বি.এল.ও.-দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে নিজের দায়িত্ব ও প্রক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকতে হবে।”

তিনি বলেন, বি.এল.ও.-রা বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে Enumeration Form সংগ্রহ করবেন, ফর্মে পরিবারের নাম, পার্ট নম্বর ও সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে নথিভুক্ত করবেন। কোনো ভুল বা অসঙ্গতি থাকলে পরে শুনানির মাধ্যমে (hearing) তা সংশোধন করা হবে।

ভয় নয়, দায়িত্ব পালনে আত্মবিশ্বাসী হোন”   এসডিওর বার্তা

এসডিও শুভঙ্কর রায় বি.এল.ও.-দের উদ্দেশে বলেন, “এই কাজ করতে গিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা সবাই সংবিধানের সুরক্ষার মধ্যে কাজ করছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন সঙ্গে সঙ্গে উপযুক্ত পদক্ষেপ নেবে।”

তিনি আরও জানান, কিছু বি.এল.ও. এই দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেছেন। তাঁদের তালিকা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে এবং কমিশন বিষয়টি বিবেচনা করছে।

আজকের প্রশিক্ষণের প্রথম পর্বে ১ থেকে ১৪৯ নম্বর পর্যন্ত বি.এল.ও.-দের ডাকা হয়েছিল। শুরুতে কয়েকজন অনুপস্থিত থাকলেও পরবর্তীতে প্রায় সকলেই উপস্থিত হন।
এসডিও জানান, আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে ফর্ম বিতরণ কার্যক্রম। বি.এল.ও.-রা ভোটারদের বাড়িতে গিয়ে ফর্ম দেবেন ও পরে পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন।

“ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি জমা দিতে হবে না। শুধু সঠিক তথ্য প্রদানই এখন মূল লক্ষ্য,”   বলেন এসডিও শুভঙ্কর রায়।

এসডিও আরও জানান, এই কাজটি স্কুলের শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেওয়া হয়েছে, ফলে নিয়মিত শিক্ষাদান ব্যাহত হবে না। কোনো বিশেষ পরিস্থিতিতে যদি সমস্যা দেখা দেয়, তা প্রশাসনের কাছে রিপোর্ট করলে একে একে সমাধান করা হবে। তিনি বলেন, “৪ তারিখ থেকে শুরু হবে এনুমারেশন ফর্ম বিতরণ। বি.এল.ও.-রা ভোটারদের থেকে তথ্য সংগ্রহ করবেন। ২০০২ সালের তালিকা অনুযায়ী পরিবারের সদস্যদের নাম কোন পার্টে আছে, সেটিও সঠিকভাবে উল্লেখ করতে হবে। এরপর যাচাইয়ের পর ডেটা আপডেট করা হবে।”

এসডিও জানান, যে ১৩টি নীতিমালা ও নির্দেশিকা SIR প্রকল্পের অন্তর্গত, তার আলোকে শুনানির (hearing) মাধ্যমে সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই কাজ এগোচ্ছে, তবে এই মুহূর্তে ফোকাস রয়েছে গ্রাউন্ড লেভেল ডেটা সংগ্রহে।

সর্বোপরি, বহরমপুর মহকুমায় প্রশাসনের লক্ষ্য একটাই  “ভোটার তালিকায় কোনও ভুল থাকবে না, প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত হবে।”

এসডিও শুভঙ্কর রায়ের নেতৃত্বে আজকের প্রশিক্ষণ সভা বি.এল.ও.-দের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়িয়েছে বলেই মনে করছে প্রশাসনের একাংশ। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এসডিও শুভঙ্কর রায় বুঝিয়ে দিলেন যে, রাজ্যের এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক কাজটিতে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না এবং মহকুমা প্রশাসন নির্ভুল ভোটার তালিকা তৈরির বিষয়ে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *