নিউজ ফ্রন্ট:
ইরান–ইজরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। সেই পরিস্থিতির মধ্যেই কৌশলগত সাফল্য পেল ভারত। বহু দেশের জাহাজ যখন হরমুজ প্রণালী পার হতে পারছে না, তখন ভারতের এলপিজি বোঝাই জাহাজ ‘শিবালিক’ নিরাপদে হরমুজ স্ট্রেট পার করে দেশে পৌঁছেছে।
সোমবার সন্ধ্যায় জাহাজটি গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছায়। সেখানে এখন জাহাজ থেকে এলপিজি গ্যাস নামানোর কাজ শুরু হবে। যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। তবুও ইরান ভারতের দুটি জাহাজ— শিবালিক এবং নন্দাদেবী—কে এগিয়ে যাওয়ার অনুমতি দেয়।
কূটনৈতিক মহলের মতে, এই পরিস্থিতিতে ভারতের জাহাজ নিরাপদে দেশে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য। চলমান উত্তেজনার মধ্যেও ভারতের কূটনৈতিক যোগাযোগ এবং সম্পর্কের ফলেই এই অনুমতি মিলেছে বলে মনে করা হচ্ছে।
শিবালিকের পর এবার আরেকটি ভারতীয় জাহাজ ‘নন্দাদেবী’-রও শিগগিরই দেশে পৌঁছানোর আশা করা হচ্ছে। অন্যদিকে বিশ্বের অনেক দেশের জাহাজ এখনও হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। ইরানও জানিয়েছে, ভারত তাদের বন্ধু রাষ্ট্র এবং সেই কারণেই ভারতীয় জাহাজগুলিকে অগ্রাধিকার দিয়ে নিরাপদে এগিয়ে যেতে দেওয়া হয়েছে।