তীব্র গরমেও নিরাপদ হজ্জের পথে! সৌদি আরবের ১৫ দফা পরিকল্পনা ঘোষণা


গ্রীষ্মের চরম উত্তাপের মধ্যেও হজ্জ ২০২৫-কে সুরক্ষিত ও নির্বিঘ্ন করতে সৌদি আরব ১৫ দফা প্রস্তুতি পরিকল্পনা গ্রহণ করেছে। ঐতিহ্য আর প্রযুক্তির মেলবন্ধনে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েতের জন্য তৈরি হচ্ছে মক্কা-মদিনা।
নিউজ ফ্রন্ট, দিল্লি, ৪ জুন:

বিশ্বের বৃহত্তম বার্ষিক ধর্মীয় সমাবেশ হজ্জ ২০২৫-এর সূচনা হতে চলেছে ৪ জুন থেকে। ইতিমধ্যে সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম তীর্থযাত্রী সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও মদিনার পথে পা বাড়িয়েছেন। তবে এবছরও আবহাওয়া নিয়ে বড়সড় চিন্তা তৈরি হয়েছে — অতিরিক্ত গরমে হজযাত্রা কঠিন হয়ে উঠতে পারে।

গত বছর হজ্জের সময় তাপমাত্রা ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল, যার জেরে মৃত্যু হয়েছিল প্রায় ১,৩০০ জন তীর্থযাত্রীর। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবছর সৌদি সরকার ১৫ দফা প্রস্তুতি পরিকল্পনা ঘোষণা করেছে, যাতে তীর্থযাত্রা নির্বিঘ্ন ও সুরক্ষিত করা যায়। এ বছর আরাফাতের দিন পড়ছে ৫ জুন, তার পরদিন ৬ জুন ঈদ-উল-আঝা।

মূলত যে দিকগুলোর দিকে জোর দেওয়া হয়েছেঃ
🔸 “পারমিট ছাড়া হজ্জ নয়”—এই নিয়মে এবারও কঠোরতা।
🔸 ২৫ হাজারের বেশি মসজিদ প্রস্তুত, ২.৫ মিলিয়ন কোরআন বিতরণ, ১.৩ মিলিয়নের বেশি ডিজিটাল আইডি কার্ড ইস্যু।
🔸 ২৫ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন ময়দানে।
🔸 ৫ হাজার টাওয়ার, ৯ হাজার ৪জি/৫জি স্টেশন এবং ১০ হাজারেরও বেশি ওয়াই-ফাই হটস্পট চালু।
🔸 নতুন হাসপাতাল, ৩টি ফিল্ড হাসপাতাল, ৯০০ অ্যাম্বুলেন্স, ৭১টি ইমারজেন্সি পয়েন্ট এবং ১১টি মেডিকেল এয়ারক্রাফট প্রস্তুত।
🔸 নুসুক অ্যাপ (Nusuk)-এর মাধ্যমে ১.৪ মিলিয়নের বেশি ডিজিটাল কার্ড জারি, ১০০-র বেশি পরিষেবা এক প্ল্যাটফর্মে।

এছাড়াও, হজ্জ মিডিয়া ফোরাম-এর দ্বিতীয় সংস্করণে ৬ হাজার বর্গমিটারের একটি বিশাল মিডিয়া জোন তৈরি হয়েছে, যেখানে ৫ হাজারেরও বেশি সাংবাদিক অংশ নিচ্ছেন।

সৌদি আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, দিনের তাপমাত্রা ৪০ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। হজ্জযাত্রীদের বারবার বলা হয়েছে প্রচুর জল খেতে, সরাসরি রোদে না থাকতে এবং শরীরে সমস্যা হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে।

হজ্জ ২০২৫ শুধু ধর্মীয় আস্থার নয়, বরং আধুনিক প্রযুক্তি ও মানবিক প্রস্তুতির সম্মিলন। সৌদি সরকারের এই পূর্বপ্রস্তুতি একদিকে যেমন ঐতিহ্য রক্ষা করছে, তেমনই নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের নিরিখে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *