নিউজ ফ্রন্ট ডেস্ক | ভাটপাড়া | ৩১ মে ২০২৫
রাজ্যে একের পর এক জুট মিল বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে শ্রমজীবী সমাজে। এবার তালিকায় যুক্ত হল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল। শনিবার সকালে মিল কর্তৃপক্ষ ‘Temporary Suspension of Work’-এর নোটিশ ঝুলিয়ে মিলটি কার্যত বন্ধ করে দেয়। এর ফলে কর্মহীন হয়ে পড়লেন হাজারেরও বেশি শ্রমিক।
মিল কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের লাগাতার অনিয়ম, কর্তৃপক্ষের নির্দেশ অমান্য এবং উৎপাদনে বিঘ্ন ঘটার কারণেই এই সিদ্ধান্ত। তবে শ্রমিকদের পাল্টা অভিযোগ, চক্রান্ত করেই মিল বন্ধ করা হয়েছে। কাজের চাপ বৃদ্ধির প্রতিবাদ করাতেই মিল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে তাঁদের দাবি।
ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় শ্রমিক সংগঠন ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একের পর এক জুট মিল বন্ধ হয়ে যাওয়ায় গোটা হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বহু পরিবার আর্থিক অনিশ্চয়তার মুখে। রাজ্য সরকার কিংবা শ্রম দফতরের তরফে এখনই এই পরিস্থিতি নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।