নিউজ ফ্রন্ট, কলকাতা :
সম্প্রতি দার্শু ওটিটি (OTT) প্ল্যাটফর্মে মুক্তি পেল মনস্তাত্ত্বিক থ্রিলার ‘সাইকো’। রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায়, অঙ্কিত দাস ও সুরেশ তোলানি প্রযোজিত এই সিরিজ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন বাপ্পা ও তাঁর টিম।

প্রধান চরিত্র সমদর্শী (অভিনয়ে কিঞ্জল নন্দ) বাইরে থেকে শান্ত, সাধারণ চাকরিজীবি ও চিত্রশিল্পী হলেও তাঁর মনের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত। শৈশবে বাবার হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড তার জীবনে তৈরি করেছে এক স্থায়ী দাগ। সেই দুঃসহ রাতের ট্রমা তার শিল্পকলা ও মানসিকতাকে গ্রাস করে নিয়েছে।

সমদর্শীর আঁকা প্রতিটি ক্যানভাস যেন তার অন্তর্লোকের অন্ধকার, যেখানে বাস্তব আর ভ্রমের সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে যায়। কাহিনি যত এগোয়, ততই প্রকাশ পায় যে তার শিল্পকর্ম জীবনের সমাপ্তির প্রতিচ্ছবি। প্রশ্ন থেকে যায়—সমদর্শী কি বাবার তৈরি দানব থেকে পালাতে পারবে, নাকি সে নিজেই সেই দানবে রূপান্তরিত হয়েছে?
সাইকো’র মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ছবির কলাকুশলী ও অভিনেতারা তাদের অভিজ্ঞতা ও ভাবনা তুলে ধরেন।
🎭 কিঞ্জল নন্দ (সমদর্শী)
“এই চরিত্রটি আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল। মনোবিজ্ঞানের জটিল অন্ধকার স্তরকে আত্মস্থ করতে আমি আলাদা করে পড়াশোনা করেছি ও মানুষের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। রূপ প্রোডাকশনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ ছিল।”

🎭 বাসবদত্তা চট্টোপাধ্যায় (অস্মিতা)
“চিত্রনাট্য শোনার পরেই আমি রাজি হয়ে যাই। পরিচালক বাপ্পার যত্নশীল কাজের ধারা সত্যিই প্রশংসনীয়। কোনীনিকা ও কিঞ্জলের মতো প্রতিভাবান সহশিল্পীদের সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা।”
🎭 কোনীনিকা বন্দ্যোপাধ্যায় (অপরাজিতা)
“গল্পের কনসেপ্ট শুরু থেকেই আকর্ষণীয় লেগেছিল। পরিচালক পরিষ্কার নির্দেশ দিয়েছেন, আর সিনেমাটোগ্রাফি গল্পটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। নতুন OTT প্ল্যাটফর্মের জন্য এই কাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।”

সাইকো’র সফলতার পেছনে রয়েছে এক দক্ষ দল। ছবির সম্পাদনা করেছেন অনির্বাণ মাইতি, চিত্রগ্রাহক হিসেবে ছিলেন সৌরভ ব্যানার্জী, এবং সঙ্গীত পরিচালনা করেছেন প্রিয়াঙ্ক ও সুভদীপ। ছবির গানে কণ্ঠ দিয়েছেন শিলাজিৎ মজুমদার, এবং ভিএফএক্স (VFX) এর কাজ করেছেন অঙ্কুর চক্রবর্তী।

“সাইকো” মুক্তির মধ্য দিয়ে দার্শু OTT প্রমাণ করল, বাংলা কনটেন্টে নতুন নির্মাতা, নতুন গল্প ও নতুন ধারা গড়ে তোলার জন্য তারা কতটা প্রতিশ্রুতিবদ্ধ। দর্শকদের কাছ থেকে ইতিমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।
মনস্তাত্ত্বিক আতঙ্ক, রহস্য আর ভ্রমের গোলকধাঁধায় ভরা “সাইকো” এখন স্ট্রিমিং হচ্ছে দার্শু OTT-তে।
দর্শকরা প্রস্তুত তো? সত্যি আর ভ্রমের মাঝের সীমানা মুছে দিতে আসছে সমদর্শীর গল্প।