পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে উত্তাল এলাকাবাসী, গ্রেপ্তার এক
নওদা, ১ জুলাই: বিতর্কিত জমিতে বাড়ি নির্মাণ নিয়ে বিবাদের জেরে মুর্শিদাবাদের নওদার আলিনগরে দুষ্কৃতীদের ব্যাপক বোমাবাজিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি রফিকুল শেখ (৪৫)। খুড়তুতো ভাইদের সঙ্গে জমি বিবাদের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার মূল আসামী হাসিবুল শেখকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই রফিকুল শেখের সঙ্গে তাঁর খুড়তুতো ভাইদের জমি নিয়ে বিবাদ চলছিল। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় কথা কাটাকাটি, যা পরবর্তীতে হাতাহাতি পর্যন্ত গড়ায়।
এরপরই ইচ্ছাকৃতভাবে রফিকুল শেখকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রফিকুল। রফিকুলের ভাইয়েরাই দুষ্কৃতীদের জড়ো করে এই হামলা চালায় বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ নিয়ে যেতে চাইলে চরম হেনস্থার মুখে পড়ে। গ্রামবাসীরা মৃতদেহ নিতে বাধা দিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, মূলত পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই এই খুন হয়েছে। পুলিশকে আগে থেকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন “এই গ্রামে একটা বাহিনী তৈরি হয়েছে যারা এই সব অপরাধ মূলক কাজকর্মে জড়িত। ঘটনার দিন রফিকুলের খুড়তুতো ভাই এই বাহিনী জড়ো করে হামলা চালায়। এই ঘটনা পুলিশকে অনেকবার জানানো হয়েছে কিন্তু কোনও ব্যবস্থা গ্রহণ করা হয় নি।
উত্তেজিত এলাকাবাসীরা প্রশ্ন তুলেছেন গ্রামের মধ্যে এত বোমা কীভাবে মজুত করা হল? বিস্ফোরক এল কোথা থেকে তাঁরা দোষীদের দ্রুত উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে রফিকুলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর নেপথ্যে কেবল জমি বিবাদ, নাকি রয়েছে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।