এসকর্ট নেই! বেলডাঙা কাণ্ডে ফের ভার্চুয়ালি পেশ ৩১ অভিযুক্তকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙায় ভয়াবহ হিংসার ঘটনায় ধৃতদের ফের সশরীরে কলকাতায় এনআইএ (NIA) বিশেষ আদালতে পেশ করা গেল না। উপযুক্ত পুলিশি এসকর্ট বা নিরাপত্তা না পাওয়ার কারণেই অভিযুক্ত ৩৬ জনকে সশরীরে হাজির করানো সম্ভব হয়নি বলে বহরমপুর জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয়বার পুলিশি নিরাপত্তার অভাবে তাদের সশরীরে আদালতে আনা গেল না। অগত্যা ভার্চুয়ালি হাজিরা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ৩১ জন অভিযুক্তের আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।

বৃহস্পতিবার বহরমপুর সেন্ট্রাল জেল থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৩১ জন অভিযুক্তকে বিচারকের সামনে পেশ করা হয়। বাকি ৫ জন অভিযুক্ত নাবালক হওয়ায় তাদের এদিন পেশ করা হয়নি। শুনানির সময় এনআইএ-র আইনজীবী (PP) আদালতে জানান, “আমরা এখনও এই মামলার কেস ডায়েরি হাতে পাইনি। তাই আপাতত অভিযুক্তদের বহরমপুর জেলেই রাখা হোক এবং তাদের জেল হেফাজত মঞ্জুর করা হোক।” একইসঙ্গে তিনি কেস ডায়েরি ও কেস রেকর্ড এনআইএ-র হাতে হস্তান্তরের আবেদন জানান।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক এই মামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিয়েছেন। এই সংক্রান্ত বিষয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি পুনরায় শুনানি হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি দুপুর ৩টের সময় বেলডাঙা থানার তদন্তকারী অফিসারকে (IO) সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার এবং এনআইএ—উভয় পক্ষকেই এই মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

প্রসঙ্গত, ঝাড়খণ্ডের এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল বেলডাঙা। বিক্ষোভকারীরা রেললাইন অবরোধের পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালায়। রেহাই পায়নি সংবাদমাধ্যমও। পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় এনআইএ। বর্তমান আইনি টালবাহানা ও নথিপত্র হস্তান্তরের মাঝেই ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *