লাদাখে শহিদ মুর্শিদাবাদের বীর সন্তান মনিরুল

গান স্যালুটে চোখের জলে শেষ বিদায় জানাল রানিনগর

নিজস্ব সংবাদদাতা, রানিনগর: দেশমাতৃকার সেবা করতে গিয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের জওয়ান মনিরুল ইসলাম। লাদাখের হাড়কাঁপানো মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। রবিবার সকালে ভারতীয় সেনার বিশেষ কনভয়ে যখন তাঁর নিথর দেহ রানিনগরের শেখপাড়ার বাড়িতে এসে পৌঁছায়, তখন বীর জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান হাজার হাজার মানুষ।

সেনা সূত্রে জানা গিয়েছে, লাদাখের দুর্গম সীমান্তে প্রহরারত ছিলেন মনিরুল ইসলাম। গত শুক্রবার বিকেলে তীব্র ঠান্ডার কারণে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। দ্রুত তাঁকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই দুঃসংবাদ রানিনগরে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

রবিবার সকালে সেনার বিশেষ গাড়িতে তেরঙ্গায় মোড়া মনিরুলের দেহ গ্রামে আসতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী ও আত্মীয়-স্বজনরা। এরপর ভারতীয় সেনার পক্ষ থেকে তাঁকে গান স্যালুট’ দিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়। স্থানীয় প্রশাসনের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে তাঁর মরদেহে মাল্যদান করেন।

মনিরুল ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। তাঁর মৃত্যুতে কার্যত দিশেহারা তাঁর স্ত্রী এবং দুই নাবালক সন্তান। তাঁর এক আত্মীয় বলেন, “ছোট ছোট ছেলেমেয়ে দুটোর ভবিষ্যৎ কী হবে? এখন কে দেখবে পরিবারটাকে?” বীরের মৃত্যুতে গর্ব থাকলেও, এক চরম অনিশ্চয়তা এখন মনিরুলের পরিবারকে ঘিরে ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *