পাঞ্জাবের জলন্ধর-পাঠানকোট হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে প্রয়াত হলেন ১১৪ বছর বয়সী বিশ্বখ্যাত ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংহ। তাঁকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এনআরআই অমৃতপাল সিং ধিলোঁকে গ্রেফতার করেছে পুলিশ।
নিউজ ফ্রন্ট, নতুন দিল্লি, ১৬ জুলাই —
বিশ্বের সবচেয়ে বয়স্ক ম্যারাথন দৌড়বিদ হিসেবে পরিচিত ফৌজা সিংহ একটি হিট অ্যান্ড রান দুর্ঘটনায় প্রাণ হারালেন। পাঞ্জাবের জলন্ধর-পাঠানকোট হাইওয়েতে তাঁর নিজ গ্রাম সংলগ্ন একটি এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক গাড়িচালক তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
এই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং দুই দিনের মাথায় অভিযুক্ত অমৃতপাল সিং ঢিলোঁকে তাঁর নিজ গ্রাম থেকে গ্রেফতার করে। জানা গেছে, অভিযুক্ত ঢিলোঁ একজন ৩০ বছর বয়সি প্রবাসী ভারতীয় (NRI), যিনি মাত্র এক সপ্তাহ আগে ভারতে এসেছিলেন।
প্রসঙ্গত, ফৌজা সিং ২০১১ সালে কানাডার টরন্টো ম্যারাথনে অংশ নিয়ে ১০০ বছর বয়সে সম্পূর্ণ ম্যারাথন শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। তিনি ২০০৪ সালের অ্যাথেন্স এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকেও অলিম্পিক টর্চ বহন করেছিলেন। তাঁর শেষ প্রতিযোগিতামূলক দৌড় ছিল ২০১৩ সালে হংকং ম্যারাথনের ১০ কিমি বিভাগে, যেখানে তিনি ১ ঘণ্টা ৩২ মিনিটে দৌড় শেষ করেন।
এই অকাল দুর্ঘটনায় সারা বিশ্বজুড়ে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত দ্রুত গতিতে চালানো হচ্ছে।