নবান্নের বড় প্রশাসনিক রদবদল, মুর্শিদাবাদ জেলা প্রশাসনে একাধিক আধিকারিকের বদলি

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ:
ভোট ঘোষণার আর মাত্র কয়েকটা দিন বাকি ঠিক তাঁর আগেই রাজ্য সরকারের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার নবান্ন থেকে প্রকাশিত একাধিক বদলি নির্দেশিকায় রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক (DM), অতিরিক্ত জেলাশাসক (ADM), মহকুমা শাসক (SDO) সহ বহু আধিকারিককে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে। এই রদবদলের প্রভাব পড়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনেও।

রাজ্য জুড়ে প্রায় ১৬০ জন ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিককে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। নবান্নের নির্দেশিকা অনুযায়ী নদিয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্তকে বদলি করে বাঁকুড়ার জেলাশাসক করা হয়েছে। নদিয়ার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন ডব্লিউবিএসআইডিসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর নিখিল নির্মল।

অন্যদিকে বাঁকুড়ার জেলাশাসক সিয়াদ এন-কে বদলি করে উত্তর ২৪ পরগনায় পাঠানো হয়েছে। ওই জেলার বর্তমান জেলাশাসক শশাঙ্ক শেঠি অসুস্থ থাকায় ছুটিতে রয়েছেন। এছাড়া অভিজিৎ তুকারাম শেভালেকে আলিপুরদুয়ারের জেলাশাসক এবং তনবীর আফজলকে উত্তর দিনাজপুরের জেলাশাসক করা হয়েছে।

এই প্রশাসনিক রদবদলে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাশাসক (ADM) স্তরেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। উত্তর ২৪ পরগনা থেকে পিনাকী রঞ্জন প্রধান এবং পশ্চিম মেদিনীপুর থেকে মৌমিতা সাহাকে মুর্শিদাবাদের নতুন অতিরিক্ত জেলাশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।

অন্যদিকে মুর্শিদাবাদ থেকে তিনজন অতিরিক্ত জেলাশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে। দিন নারায়ণ ঘোষকে কোচবিহারে, চিরন্তন প্রামাণিককে বাঁকুড়ায় এবং মহম্মদ শামসুর রহমানকে পশ্চিম মেদিনীপুরে পাঠানো হয়েছে।

এছাড়া জেলার ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল (DRDC)-এর নতুন প্রকল্প অধিকর্তা (PD) হিসেবে দায়িত্ব নিচ্ছেন সোমা শ। বর্তমান প্রকল্প অধিকর্তা সুকান্ত সাহাকে পদোন্নতি দিয়ে পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক হিসেবে পাঠানো হয়েছে।

মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ দুটি মহকুমা—বহরমপুর ও লালবাগেও নতুন মহকুমা শাসক নিয়োগ করা হয়েছে। বহরমপুর সদর মহকুমার বর্তমান শাসক শুভঙ্কর রায়কে নদিয়ার কৃষ্ণনগর সদরে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন মহকুমা শাসক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সমীরণ বারিক। লালবাগ মহকুমার শাসক বনমালী রায়কে বদলি করে দার্জিলিংয়ে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় নতুন মহকুমা শাসক হিসেবে দায়িত্ব নিচ্ছেন কিংশুক মাইতি।

মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রশাসনিক কাঠামোতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। জেলা পরিষদের নতুন সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন সুব্রত কুমার বর্মন। বিদায়ী সচিব রিজওয়ান ওয়াহাবকে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে বদলি করা হয়েছে। একই সঙ্গে জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদেও বদল ঘটেছে।

মুর্শিদাবাদের বিভিন্ন পরিষেবা সংক্রান্ত দপ্তরেও নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। জেলার নতুন রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসার (RTO) হচ্ছেন লোকনাথ সরকার। বর্তমান আধিকারিক শিবাসিশ সরকারকে পূর্ব মেদিনীপুরে পাঠানো হয়েছে।

জেলার নতুন জেলা যুব আধিকারিক (DYO) হিসেবে দায়িত্ব নিচ্ছেন সত্যজিৎ বিশ্বাস। বর্তমান আধিকারিক লিটন সাহাকে দক্ষিণ ২৪ পরগনায় বদলি করা হয়েছে। এছাড়া অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের (BCW) নতুন প্রকল্প আধিকারিক হিসেবে দায়িত্ব নিচ্ছেন সর্বোদয় কুমার সাহা।

মুর্শিদাবাদ থেকে বেশ কয়েকজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরকেও অন্য জেলায় বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন পিনাকী শঙ্কর বিশ্বাস, দুলাল চন্দ্র সরকার, ডঃ এষা ঘোষ, সৌমিক বাগচী এবং মহম্মদ ইকবাল। এছাড়া লালবাগের ডেপুটি ম্যাজিস্ট্রেট মহম্মদ জসিমউদ্দিন মণ্ডলকে পশ্চিম মেদিনীপুরে পাঠানো হয়েছে।

নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বদলি হওয়া সকল আধিকারিককে দ্রুত তাঁদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই রদবদলের ফলে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক কাজের গতি আরও বাড়বে এবং জনপরিষেবা ব্যবস্থাও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *