মালদহ হিংসায় বাগডোগরায় পুলিশের জালে আইনজীবী মোফাক্কারুল

নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহের কালিয়াচকে অশান্তি ছড়ানো এবং বিচারবিভাগীয় আধিকারিকদের পণবন্দি করার ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত মোফাক্কারুল ইসলাম। শুক্রবার উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর থেকে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারি মালদহ হিংসা মামলার তদন্তে একটি বড় মোড় বলে মনে করছে পুলিশ প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, কালিয়াচকের ঘটনার পর থেকেই মোফাক্কেরুলের খোঁজে তল্লাশি চালাচ্ছিল সিআইডি ও জেলা পুলিশ। গোপন সূত্রে খবর আসে যে, সে রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ার ছক কষছে। সেই মতো বাগডোগরা বিমানবন্দরে কড়া নজরদারি শুরু করেন গোয়েন্দারা। বিমান ধরার ঠিক আগের মুহূর্তে তাকে পাকড়াও করা হয়। তার বিরুদ্ধে হিংসা ছড়ানো ছাড়াও সরকারি আধিকারিকদের কাজে বাধা এবং শারীরিক নিগ্রহের একাধিক ধারা যুক্ত করা হয়েছে।

উত্তরবঙ্গের এডিজি কে. জয়রামন জানিয়েছেন, কালিয়াচক কাণ্ডে এখনও পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই পুরো ঘটনায় মোট ১৯টি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন “তদন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে। মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ষড়যন্ত্রে লিপ্ত অন্যান্যদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। কোনো অপরাধীকেই রেহাই দেওয়া হবে না।”

উল্লেখ্য, গত কয়েকদিন আগে মালদহের কালিয়াচকে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়েছিল। অভিযোগ উঠেছিল, একদল দুষ্কৃতী বিচারবিভাগীয় আধিকারিকদের পথ আটকে তাঁদের হেনস্থা করে এবং প্রায় পণবন্দি করে রাখে। এলাকায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছিল। পুলিশের দাবি, সেই ঘটনার মাস্টারমাইন্ড বা মূল পরিকল্পনাকারী ছিল এই মোফাক্কারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *