নিউজ ফ্রন্ট, কলকাতাঃ
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অপর প্রাইমারি শিক্ষক নিয়োগের দাবিতে বুধবার ফের রাস্তায় নামলেন পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা। ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক পদপ্রার্থীরা কলকাতার দিকে মিছিল শুরু করেন। বছরের পর বছর অনিশ্চয়তায় ভুগতে থাকা প্রার্থীদের অভিযোগ, একের পর এক নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়লেও আজও তাঁদের ভবিষ্যৎ সুরাহা হয়নি।
প্রসঙ্গত, ২০১৪ সালে অপর প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তার পরের বছর, অর্থাৎ ২০১৫ সালে ওই নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় কলকাতা হাই কোর্ট মেধাতালিকা বাতিল করে দেয়। আদালতের নির্দেশে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, সেখানেও দুর্নীতির অভিযোগ সামনে আসে।

চাকরিপ্রার্থীদের দাবি, ২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ১৪ হাজার শূন্যপদে নিয়োগ হওয়ার কথা থাকলেও এত বছর পেরিয়ে এখনও মাত্র প্রায় ৮ হাজার পদ পূরণ হয়েছে। বাকি প্রায় ৬ হাজার শূন্যপদ আজও অনিশ্চিত অবস্থায় রয়েছে। এর ফলে হাজার হাজার যোগ্য প্রার্থী বছরের পর বছর বেকারত্ব, আর্থিক সংকট ও মানসিক চাপে দিন কাটাচ্ছেন।
এদিন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা জানান, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনও সমাধান মেলেনি। বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে আবারও নিয়োগের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে তাঁদের অভিযোগ। তাই বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
চাকরিপ্রার্থীদের বক্তব্য, অবিলম্বে বাকি শূন্যপদে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে। ‘নবান্ন অভিযান’-কে কেন্দ্র করে এদিন বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের টানাপোড়েনের পরিস্থিতিও তৈরি হয়।
সব মিলিয়ে, অপর প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ ও ক্ষোভ এদিন ফের প্রকাশ্যে এল। নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে চাকরিপ্রার্থী ও অভিভাবক মহলে।