লালগোলায় গোপন অভিযানে প্রায় ৮৩৭ গ্রাম হেরোইন উদ্ধার

নিউজ ফ্রন্টঃ মাদক চক্রের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে। এই অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

গতকাল গভীর রাতে লালগোলা থানার পুলিশ রামনগর, বিলবোকরা গ্রাম পঞ্চায়েত এলাকার ইসমাইল হকের বাড়িতে হানা দেয়। পুলিশের দাবি, সেখানেই মাদক দ্রব্য হেরোইনের প্যাকেজিংয়ের কাজ চলছিল। অভিযানে ধরা পড়ে ইসমাইল হক সহ তার দুই সঙ্গী—আবুল কালাম আজাদ ও আয়নাল শেখ ।

তল্লাশি চালিয়ে প্রায় ৮৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৮০ লক্ষ টাকা এবং এটি স্থানীয়ভাবে উৎপাদিত নয়—উচ্চমানের ও বাইরে থেকে আনানো।

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে এবং আজই তাদের আদালতে তোলা হবে। পুলিশ ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন জানাবে বলেও সূত্রের খবর।

এর আগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের দিনে কোটি টাকা মুল্যের মাদক পাচার রুখে দিয়েছিল এই লালগোলা থানার পুলিশ।

লালগোলায় এই ধরনের মাদকচক্রের সন্ধান প্রশাসনের কড়া নজরদারির প্রমাণ। জেলা পুলিশের সক্রিয় ভূমিকা ও সফল অভিযানে এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আরও গ্রেফতারির সম্ভাবনাও রয়েছে।

পড়ুনঃ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে রাজ্যজুড়ে সচেতনতা কর্মসূচি, মুর্শিদাবাদে কোটি টাকার হেরোইন উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *