নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুর শহরে অসামাজিক কার্যকলাপ রুখতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত। গির্জা মোড়ের রেশ কাটতে না কাটতেই এবার শহরের প্রাণকেন্দ্র স্বর্ণময়ী এলাকার এক গেস্ট হাউসে চলল পুলিশের তল্লাশি। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ঠিক বিপরীতে অবস্থিত একটি হোটেলে হানা দিয়ে পুলিশ একটি বড়সড় মধুচক্রের হদিশ পেয়েছে। এই ঘটনায় এক নাবালিকা-সহ তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং হোটেলের মালিক ও ম্যানেজারসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই গোপন সূত্রে খবর আসছিল যে স্বর্ণময়ী বাজারের পাশের ওই হোটেলে হোটেলের আড়ালে অবৈধ যৌন ব্যবসা চালানো হচ্ছে। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বহরমপুর থানার পুলিশ ওই গেস্ট হাউসে অতর্কিত হানা দেয়। তল্লাশি চলাকালীন আপত্তিকর অবস্থায় বেশ কয়েকজনকে পাওয়া যায়। তদন্তের স্বার্থে হোটেলের সমস্ত রেজিস্টার ও নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
উদ্ধার হওয়া তিনজনের মধ্যে একজন নাবালিকা (১৭+) হওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে প্রশাসন। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), অনৈতিক পাচার প্রতিরোধ আইন (ITPA) এবং নাবালিকা উদ্ধারের কারণে POCSO আইনের একাধিক ধারায় (Case No: 174/26) মামলা রুজু করা হয়েছে।
পুলিশ এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলো হোটেলের মালিক অভিষেক মিশ্র, হোটেলের ম্যানেজার অপূর্ব মণ্ডল, সুখচাঁদ শেখ, মতিবুর শেখ এবং সন্দীপ রায়।
অভিযান চলাকালীন তিন জন মহিলাকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। শহরের জনবহুল এলাকায়, বিশেষ করে হাসপাতালের উল্টো দিকের হোটেলে এই ধরণের মধুচক্রের কারবার চলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বুধবার বহরমপুর আদালতে পেশ করা হবে। এই চক্রের সাথে আরও কেও জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।