নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়া দিল্লি: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজার আগেই পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বড়সড় আলোড়ন। আচমকাই পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার দিল্লি সফর চলাকালীন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে খবর।
সংবাদসংস্থা পিটিআই (PTI)-কে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সি ভি আনন্দ বোস নিজেই তাঁর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। যদিও এই চরম সিদ্ধান্তের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। তবে বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে তাঁর এই প্রস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্য প্রশাসনের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তাঁর সংঘাত বারবার শিরোনামে এলেও, এই আকস্মিক ইস্তফা ছিল অনেকেরই কল্পনার বাইরে।
সূত্রের খবর, বাংলার পরবর্তী রাজ্যপাল হিসেবে আসতে পারেন তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল আর.এন. রবি । নতুন রাজ্যপাল স্থায়ীভাবে নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনিই হয়তো বাংলার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন।