প্রাক্তন মুখ্যমন্ত্রী ও. পন্নীরসেলভম পুত্রসহ ডিএমকে-তে যোগ দিলেন

নিজস্ব সংবাদদাতা, চেন্নাই: তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রাজনৈতিক পটপরিবর্তন। এআইএডিএমকে-র দীর্ঘদিনের কাণ্ডারি এবং জয়ললিতার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও. পন্নিরসেলভাম আজ আনুষ্ঠানিকভাবে ডিএমকে-তে যোগ দিলেন। শুক্রবার চেন্নাইয়ে ডিএমকে সদর দপ্তরে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের উপস্থিতিতে তিনি এবং তাঁর পুত্র ও.পি. রবীন্দ্রনাথ দলের পতাকা হাতে তুলে নেন।

ও. পন্নিরসেলভামের এই দলবদল তামিল রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিল। উল্লেখ্য আম্মা অর্থাৎ জয়ললিতার বিশ্বস্ত সেনাপতি হিসেবে তিনি তিনবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদ সামলেছেন। ২০১৭ সালে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর এবং পরবর্তীকালে বর্তমান এআইএডিএমকে প্রধান ইদাপ্পাদি পালানিস্বামীর (EPS) সঙ্গে দীর্ঘ আইনি ও রাজনৈতিক লড়াইয়ের পর তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন। পন্নিরসেলভাম আবারও এআইএডিএমকে-তে ফেরার চেষ্টা করছেন বলে গুঞ্জন থাকলেও, ডিএমকে-তে যোগ দিয়ে তিনি সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন।

চলতি বছরই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই দক্ষিণ তামিলনাড়ুর প্রভাবশালী নেতা ওপিএস-কে নিজেদের শিবিরে টেনে ডিএমকে কার্যত মাস্টারস্ট্রোক দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পন্নিরসেলভামের সঙ্গে তাঁর অনুগামীরাও ডিএমকে-তে যোগ দিলে দক্ষিণ তামিলনাড়ুর বেশ কিছু আসনে এআইএডিএমকে-র ভোটব্যাঙ্কে ধস নামার আশঙ্কা রয়েছে।

ওপিএস-কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন জানান, রাজ্যের উন্নয়নের স্বার্থে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে এই যোগদান ডিএমকে-কে আরও শক্তিশালী করবে। অন্যদিকে, পন্নিরসেলভাম জানিয়েছেন, ডিএমকে-র আদর্শ এবং বর্তমান সরকারের কাজের ওপর ভরসা রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *