১১ জেলাশাসককে বদলি নির্বাচন কমিশনের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনকে সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কোমর বেঁধে নামল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার (১৮ মার্চ) বিকেলে জারি করা এক নতুন নির্দেশিকায় উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের মোট ১১টি জেলার জেলাশাসককে অবিলম্বে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে কলকাতা পুরসভার কমিশনার এবং কলকাতার দুই নির্বাচনী আধিকারিককেও (DEO) পরিবর্তন করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ার—এই ১১টি জেলার জেলাশাসকদের বদলি করা হয়েছে।

এক নজরে নতুন জেলাশাসকদের তালিকা:

জেলার নামনবনিযুক্ত জেলাশাসক (IAS)ব্যাচ
মুর্শিদাবাদআর অর্জুন২০১০
নদীয়াশ্রীকান্ত পাল্লি২০১৫
উত্তর ২৪ পরগনাশিল্পা গৌরীসারিয়া২০০৯
দক্ষিণ ২৪ পরগনাঅভিষেক কুমার তিওয়ারি২০১২
পূর্ব বর্ধমানশ্বেতা আগরওয়াল২০১৬
মালদারাজনবীর সিং কাপুর২০১২
উত্তর দিনাজপুরবিবেক কুমার২০১৬
জলপাইগুড়িসন্দীপ ঘোষ২০১৬
কোচবিহারজিতিন যাদব২০১৬
দার্জিলিংহরিশঙ্কর পানিক্কের২০১৩
আলিপুরদুয়ারটি বালাসুব্রমানিয়ান২০১৩

জেলাগুলোর পাশাপাশি কলকাতাতেও বড় পরিবর্তন এনেছে কমিশন। কলকাতা পুরসভার কমিশনার এবং উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্মিতা পাণ্ডে (২০০৫ ব্যাচ)। দক্ষিণ কলকাতার নির্বাচনী আধিকারিক হিসেবে নিযুক্ত হয়েছেন রণধীর কুমার (২০০৬ ব্যাচ)।

কমিশন স্পষ্ট জানিয়েছে, নবনিযুক্ত আধিকারিকদের আগামীকাল ১৯ মার্চ দুপুর ৩টের মধ্যে নিজেদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে এবং সেই সংক্রান্ত রিপোর্ট কমিশনকে পাঠাতে হবে। এছাড়া যে আধিকারিকদের সরিয়ে দেওয়া হলো, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁদের ভোট সংক্রান্ত কোনও দায়িত্ব দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *