রাজ্যের ৫ গুরুত্বপূর্ণ রেঞ্জে নতুন ডিআইজি নিয়োগ করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন, কলকাতা | ১৮ মার্চ, ২০২৬

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখে রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল করল ভারতের নির্বাচন কমিশন (ECI)। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের পাঁচটি গুরুত্বপূর্ণ রেঞ্জের ডিআইজি (DIG) পদে নতুন আধিকারিকদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই কমিশনের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, রাজ্য পুলিশে বড়সড় রদবদল ঘটিয়ে পাঁচজন আইপিএস (IPS) আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই নির্দেশিকা অনুসারে, ২০০৯ ব্যাচের আরআর (RR) আধিকারিক রাঠৌর অমিতকুমার ভরত-কে রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি (DIG) পদে স্থলাভিষিক্ত করা হয়েছে এবং ২০১১ ব্যাচের আরআর আধিকারিক অজিত সিং যাদব হয়েছেন মুর্শিদাবাদের নতুন ডিআইজি। একইভাবে, ২০১১ ব্যাচের আরআর আধিকারিক শ্রীহরি পাণ্ডে-কে বর্ধমান রেঞ্জের ডিআইজি এবং ২০০৭ ব্যাচের এসপিএস (SPS) আধিকারিক কঙ্কর প্রসাদ বারুই-কে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়াও, ২০০৯ ব্যাচের আরআর আধিকারিক অঞ্জলি সিং-কে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র স্বাক্ষরিত এই নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে যে নবনিযুক্ত এই পাঁচ আধিকারিককে অবিলম্বে দায়িত্ব গ্রহণ করতে হবে। আগামীকাল, ১৯ মার্চ ২০২৬ সকাল ১১টার মধ্যে তাঁদের যোগদানের রিপোর্ট (Compliance Report) কমিশনে পাঠাতে হবে।

যে সমস্ত আধিকারিকদের এই পদগুলো থেকে সরিয়ে দেওয়া হলো, ভোট প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁদের কোনো নির্বাচন সংক্রান্ত কাজে নিযুক্ত করা যাবে না।

সূত্র মারফত জানা যাচ্ছে, নির্বাচনী প্রস্তুতি এবং আইন-শৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা করার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিশেষ করে মুর্শিদাবাদ, রায়গঞ্জ এবং উত্তরবঙ্গের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়াতেই অভিজ্ঞ আধিকারিকদের এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) এবং রাজ্যের মুখ্য সচিবকে এই নির্দেশ দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর পুলিশের শীর্ষ স্তরে এই মেজাজ বদল রাজনৈতিক মহলেও বেশ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *