নিউজ ফ্রন্ট, কলকাতা: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার পর রাজ্যে প্রশাসনিক স্তরে একের পর এক বড় রদবদল করছে নির্বাচন কমিশন । রবিবার রাতেই রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে পদ থেকে সরানোর নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার সকালে রাজ্য পুলিশের শীর্ষ পদেও বড়সড় পরিবর্তনের নির্দেশ দিল কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজি) পীযূষ পাণ্ডেকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। একই সঙ্গে এডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল এবং কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতীম সরকারকেও পদ থেকে অপসারণ করা হয়েছে। ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসন ও পুলিশের সর্বোচ্চ স্তরের একাধিক পদে এই ধরনের একযোগে পরিবর্তন কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।
নতুন নিয়োগ অনুযায়ী, ১৯৯২ ব্যাচের আইপিএস কর্মকর্তা সিদ্ধিনাথ গুপ্তকে রাজ্যের নতুন ডিজি ও আইজিপি (ইনচার্জ) করা হয়েছে। পাশাপাশি ১৯৯৫ ব্যাচের আইপিএস কর্মকর্তা অজয় মুকুন্দ রানাডেকে এডিজি ও আইজিপি (আইনশৃঙ্খলা) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ১৯৯৬ ব্যাচের আইপিএস কর্মকর্তা অজয় কুমার নন্দকে কলকাতা পুলিশের নতুন নগরপাল হিসেবে নিয়োগ করা হয়েছে।
এছাড়াও কমিশনের নির্দেশে ১৯৯১ ব্যাচের আইপিএস কর্মকর্তা নটরাজন রমেশ বাবুকে পশ্চিমবঙ্গের সংশোধনাগার পরিষেবার ডিরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে, এই বদল অবিলম্বে কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের যোগদানের রিপোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনের কাছে পাঠাতে হবে। পাশাপাশি যেসব আধিকারিককে সরানো হয়েছে, তাঁদের ভোট প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন সংক্রান্ত দায়িত্বে রাখা যাবে না বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে।
ভোট ঘোষণার পর প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচন কমিশন অতীতেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করেছে। তবে এবারের মতো একই সময়ে রাজ্যের প্রশাসন ও পুলিশের শীর্ষ পদাধিকারীদের একযোগে অপসারণ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।