বহরমপুরে শ্মশানঘাটে বিবাদ, বাঁশের আঘাতে প্রাণ গেল যুবকের

নিউজ ফ্রন্ট, মুর্শিদাবাদ:

মুর্শিদাবাদের বহরমপুরে শ্মশানঘাটে তুচ্ছ বিবাদ থেকে মর্মান্তিক মৃত্যু। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম জয়ন্ত ঘোষ (৩০)। তাঁর বাবার নাম জয়দেব ঘোষ। বাড়ি ডোমকল থানার অন্তর্গত জিতপুরের পারদিয়াড় গ্রামে।
ঘটনাটি ঘটে রাত্রি ৯ টা নাগাদবহরমপুর থানার অধীন গোরাবাজার শ্মশানঘাটে। পরিবার সূত্রে জানা গেছে, জয়ন্ত ঘোষ তাঁর এক আত্মীয়ের শেষকৃত্য সম্পন্ন করতে শ্মশানঘাটে এসেছিলেন। সেই সময় শ্মশানঘাটে উপস্থিত অন্য এক মৃতদেহের পরিবারের লোকজনের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা বিবাদে রূপ নেয়।

অভিযোগ, বিবাদের মধ্যেই অপর পক্ষের এক ব্যক্তি আচমকা বাঁশ দিয়ে জয়ন্ত ঘোষের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় আরও দু’জন গুরুতরভাবে জখম হন। তাঁরা মৃত জয়ন্ত ঘোষের আত্মীয় বলে জানা গেছে। তাঁদেরও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় শোক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *