চামোলিতে মেঘভাঙা: ৬টি বাড়ি ধ্বংস, নিখোঁজ ১০, উদ্ধার অভিযান চলছে

নিউজ ফ্রন্ট, দেরাদুন, ১৮ সেপ্টেম্বর:

উত্তরাখণ্ডে ফের প্রকৃতির তাণ্ডব। চামোলি জেলার নন্দনগর এলাকায় ভয়াবহ মেঘভাঙার ঘটনায় মুহূর্তে ধস নামে। পাহাড়ি ঢালে নেমে আসে প্রচণ্ড জল ও ধ্বংসস্তূপ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুন্ট্রি লঙ্গাফালি ওয়ার্ডে অন্তত ৬টি বাড়ি মুহূর্তে মাটির সঙ্গে মিশে গিয়েছে।

এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত ১০ জন মানুষ নিখোঁজ রয়েছেন। দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে ইতিমধ্যেই SDRF, পুলিশ ও দমকল কর্মীরা তল্লাশি শুরু করেছেন। ভারী যন্ত্র ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরানো হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, রাতভর প্রবল বৃষ্টি চলছিল। আচমকা পাহাড়ি নদী উপচে জল নেমে আসতেই কয়েক মিনিটের মধ্যেই ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় বাড়িঘর। গ্রামবাসীদের অনেকেই প্রাণ বাঁচাতে আশেপাশের উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন।

চামোলির জেলাশাসক জানিয়েছেন, “নিখোঁজদের খোঁজে সর্বাত্মক চেষ্টা চলছে। আবহাওয়া এখনও প্রতিকূল, তবে আমাদের দল রাতদিন কাজ করছে।”

উল্লেখ্য, গত কয়েক দিনে উত্তরাখণ্ডের একাধিক এলাকায় টানা বৃষ্টির কারণে একের পর এক ভূমিধস ও মেঘভাঙার ঘটনা ঘটছে। এর ফলে রাজ্যে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে এবং বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *