পেট্রোল-ডিজেলে ১০ টাকা শুল্ক কমাল কেন্দ্র

নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি, ২৭ মার্চ :

সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। পেট্রোল ও ডিজেলের উপর এক্সাইজ শুল্ক লিটার প্রতি ১০ টাকা কমানোর ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এই সিদ্ধান্তের ফলে পেট্রোলের উপর শুল্ক কমে প্রায় ৩ টাকায় নেমে এসেছে, আর ডিজেলের ক্ষেত্রে এক্সাইজ শুল্ক সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় দেশে জ্বালানির দাম স্থিতিশীল রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি বিমান জ্বালানির উপরও কাস্টমস শুল্কে ছাড় দেওয়া হয়েছে।

পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। বর্তমানে প্রায় ৬০ দিনের জন্য পর্যাপ্ত অপরিশোধিত তেলের মজুত রয়েছে। দেশের রিফাইনারিগুলি পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং ৪১টি দেশ থেকে তেল আমদানি অব্যাহত রয়েছে।

সরকার সাধারণ মানুষকে অনুরোধ করেছে, পেট্রোল, ডিজেল বা গ্যাসের ঘাটতি নিয়ে কোনো গুজবে কান না দিতে। আগামী দুই মাসের চাহিদা মেটানোর মতো কাঁচা তেলের জোগান ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানির দাম কমায় পরিবহন খরচ কমবে এবং তার প্রভাব পড়তে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উপরেও। ফলে বাজারে মূল্যবৃদ্ধির চাপ কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *