বেলডাঙা হিংসা মামলায় বড় ধাক্কা রাজ্যের

NIA তদন্তে স্থগিতাদেশ চেয়ে রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

নিউজ ফ্রন্ট, নয়াদিল্লি, ১৬ মার্চ:
মুর্শিদাবাদ জেলার বেলডাঙা হিংসার ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা (NIA)–র তদন্তে স্থগিতাদেশ চেয়ে পশ্চিমবঙ্গ সরকারের করা আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এই মামলায় কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছে তা যথেষ্ট ভারসাম্যপূর্ণ এবং তাতে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই।

প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের করা আবেদন খতিয়ে দেখে তা গ্রহণ করতে অস্বীকার করে। আদালতের পর্যবেক্ষণ, হাই কোর্ট পুরো বিষয়টি বিবেচনা করে একটি “সন্তুলিত দৃষ্টিভঙ্গি” নিয়েছে এবং সেই নির্দেশে হস্তক্ষেপের কোনও যুক্তিসঙ্গত কারণ আদালতের সামনে তুলে ধরা যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে বেলডাঙা এলাকায় সংঘটিত হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে মামলার শুনানি হয়। সেই সময় আদালত কেন্দ্রের কাছে জানতে চেয়েছিল, ঘটনাটি কি জাতীয় তদন্ত সংস্থা দ্বারা তদন্তযোগ্য কি না। হাই কোর্টের সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরবর্তীতে NIA-কে ঘটনার তদন্তভার দেওয়ার নির্দেশ দেয়।

এরপরই পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে NIA তদন্তে স্থগিতাদেশ চায় এবং হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে। তবে সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, হাই কোর্টের নির্দেশে কোনও ত্রুটি নেই এবং তদন্ত প্রক্রিয়া বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

ফলে বেলডাঙা হিংসা মামলায় NIA–র তদন্ত চালিয়ে যাওয়ার পথ কার্যত পরিষ্কার হয়ে গেল বলে মনে করছেন আইনি মহলের একাংশ। এই মামলার তদন্ত এখন কীভাবে এগোয় এবং ভবিষ্যতে কী তথ্য সামনে আসে, তার দিকেই নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *