নয়াদিল্লি, ২ মার্চ: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই কোমর বেঁধে নামছে ভারতের নির্বাচন কমিশন। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকল কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, মূলত অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ।
দিল্লির সদর দপ্তর থেকে এই বৈঠকে নেতৃত্ব দেবেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার এবং ডেপুটি নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন একটি বিশেষ প্রতিনিধিদল। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবং দ্রুত সমন্বয় সাধনের জন্য বৈঠকটি ভার্চুয়াল মাধ্যমে (ভিডিও কনফারেন্সিং) অনুষ্ঠিত হবে। একাধিক ধাপে বা সেশনে এই বৈঠকটি চলবে বলে জানা গেছে।
রাজ্য প্রশাসনের প্রায় সব স্তরের শীর্ষ আধিকারিকদের এই বৈঠকে তলব করা হয়েছে। উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত জেলার পুলিশ কমিশনার, পুলিশের বিভিন্ন রেঞ্জের আইজি (IG) এবং ডিআইজি (DIG, প্রতিটি জেলার জেলা নির্বাচনী আধিকারিক (DEO) বা জেলাশাসকরা এবং সমস্ত জেলার পুলিশ সুপার (SP)।
নির্বাচন কমিশনের এই ম্যারাথন বৈঠকে মূলত তিনটি বিষয়ের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলার হালহকিকত এবং স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করা। ভোট গ্রহণের সময় কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ মোতায়েন করা প্রয়োজন, সেই বিষয়ে প্রাথমিক রূপরেখা তৈরি করা। নির্বাচনের সময় জেলা প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয় যাতে নির্ভুল থাকে, তা নিশ্চিত করা।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের তারিখ ঘোষণার আগে এই ধরনের উচ্চপর্যায়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে কমিশন রাজ্য প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা দিতে চায় যে, নির্বাচনের সময় কোনো রকম অশান্তি বা গাফিলতি বরদাস্ত করা হবে না।