নিউজ ফ্রন্ট, ১ সেপ্টেম্বর:
আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২২ জনে, আহত দেড় হাজারেরও বেশি। তবে স্থানীয় সূত্রের দাবি, দুর্গত কুনার প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেবল কুনার প্রদেশেই কয়েকশো মানুষের প্রাণহানি হয়েছে। নাঙ্গারহার প্রদেশে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু এবং ২৫৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র (USGS) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নাঙ্গারহার প্রদেশের জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে। গভীরতা ছিল মাত্র ৮ থেকে ১০ কিলোমিটার, ফলে কম্পন অত্যন্ত তীব্র ও বিধ্বংসী হয়েছে। রাজধানী কাবুল থেকে শুরু করে পাকিস্তানের ইসলামাবাদ পর্যন্ত (প্রায় ৩৭০ কিমি দূরে) কম্পন অনুভূত হয়।
আফগান সেনাবাহিনী ও জরুরি পরিষেবার দল ইতিমধ্যেই দুর্গত এলাকায় পৌঁছেছে। প্রায় ৪০টি জরুরি বিমান ব্যবহার করে এখন পর্যন্ত ৪২০ জন আহত ও মৃতদেহকে হাসপাতালে ও মর্গে নিয়ে যাওয়া হয়েছে। তবে পাহাড়ি দুর্গম অঞ্চলে উদ্ধারকাজ এখনও বিলম্বিত হচ্ছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এক টুইটে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “ভারত এই দুঃসময়ে আফগান জনগণের পাশে রয়েছে। আমরা প্রয়োজনীয় মানবিক সহায়তা দিতে প্রস্তুত।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, “আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ভারত সর্বতোভাবে মানবিক সাহায্য ও ত্রাণ নিয়ে আফগানিস্তানের পাশে দাঁড়াতে প্রস্তুত।”
কাবুলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম বহু গ্রামে এখনও উদ্ধার দল পৌঁছাতে পারেনি। খাদ্য, জল, ওষুধ ও আশ্রয়ের সংকটে হাজারো মানুষ খোলা আকাশের নিচে রয়েছেন। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলি ইতিমধ্যেই ত্রাণ পাঠানোর প্রস্তুতি শুরু করেছে।