দিল্লি–কাঠমান্ডু রুটে বিশেষ ফ্লাইট চালু করল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো, বিপর্যস্ত যাত্রীদের জন্য স্বস্তির বার্তা

নিউজ ফ্রন্টঃ  
নেপালের সাম্প্রতিক পরিস্থিতির কারণে দেশটির রাজধানী কাঠমান্ডুতে আটকে পড়া বহু ভারতীয় যাত্রীর জন্য এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বিশেষ ফ্লাইট পরিষেবা চালু করেছে। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জরাপু রাম মোহন নায়ডু জানিয়েছেন, যাত্রীদের স্বার্থে বিমান সংস্থাগুলিকে ভাড়া যুক্তিসঙ্গত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, দিল্লি–কাঠমান্ডু রুটে তাদের নির্ধারিত ফ্লাইট পরিষেবা ফের শুরু হয়েছে এবং আজকেও চলবে। যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, নির্দিষ্ট ফ্লাইটের সর্বশেষ তথ্যের জন্য এয়ারলাইন্সের সরকারি ওয়েবসাইট দেখতে। একই সঙ্গে, যাত্রী স্বার্থে এই উদ্যোগে দ্রুত সমন্বয় সাধন করার জন্য ভারত সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলিকে কৃতজ্ঞতা জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

অন্যদিকে, ইন্ডিগো জানিয়েছে, ১১ সেপ্টেম্বর থেকে তারা দৈনিক চারটি নিয়মিত ফ্লাইট দিল্লি–কাঠমান্ডু রুটে চালাবে। পাশাপাশি, যাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে আজই দুটি বিশেষ রিলিফ ফ্লাইট চালানো হবে। এই বিশেষ ফ্লাইটগুলির টিকিট কম ভাড়ায় দেওয়া হবে বলে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে।

ইন্ডিগো একটি ভ্রমণ পরামর্শ বিজ্ঞপ্তিতেও বলেছে, কাঠমান্ডুর মতো সংকটময় পরিস্থিতিতে যাত্রীদের পরিবারের সঙ্গে পুনর্মিলনই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যাত্রীদের সুরক্ষা ও মানসিক শান্তিই প্রতিটি পদক্ষেপের কেন্দ্রে রাখা হচ্ছে।

এদিকে, বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নায়ডু এক সামাজিক মাধ্যম পোস্টে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছে। তিনি বলেন, যাত্রীদের সুরক্ষিত ভ্রমণ আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এয়ারলাইন্সগুলিকে ন্যায্য ভাড়া নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সাধারণ যাত্রীরা বাড়তি ভাড়া চাপের মুখে না পড়েন।”

দিল্লি–কাঠমান্ডু রুটে এই বিশেষ ফ্লাইট ব্যবস্থা চালুর ফলে আটকে থাকা যাত্রী ও তাঁদের পরিবারের মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে। একইসঙ্গে ভারত সরকারের এই দ্রুত পদক্ষেপকে যাত্রী মহলে সাধুবাদ জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *