ঈদে বাড়ি ফেরার পথ মসৃণ করতে রেলমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর, একগুচ্ছ বিশেষ ট্রেনের দাবি

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সুনিশ্চিত করতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দ্বারস্থ হলেন প্রবীণ রাজনীতিক তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সোমবার (৯ মার্চ ২০২৬) রেলমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে তিনি ঈদের দিনগুলিতে মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গগামী যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে একগুচ্ছ বিশেষ ট্রেন (Special Train) চালুর জোরালো দাবি জানিয়েছেন।

অধীর চৌধুরী তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, আগামী ২১ মার্চ ঈদ-উল-ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে কলকাতা ও পার্শ্ববর্তী শিল্পাঞ্চল থেকে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুরের নিজ গ্রামে ফেরেন। এই সময় হাওড়া ও শিয়ালদহ থেকে উত্তরবঙ্গমুখী ট্রেনগুলোতে তিল ধারণের জায়গা থাকে না। সাধারণ মানুষের এই ভোগান্তি দূর করতেই রেলের বিশেষ হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

রেলমন্ত্রীর কাছে অধীর চৌধুরী দাবী করেছেন শিয়ালদহ থেকে মালদা ও উত্তরবঙ্গমুখী অতিরিক্ত স্পেশাল ট্রেন চালু করতে হবে। পাশাপাশি হাওড়া থেকে খাগড়াঘাট-আজিমগঞ্জ-জঙ্গিপুর-ফারাক্কা রুট দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন তিনি। মুর্শিদাবাদের লাইফলাইন হিসেবে পরিচিত লালগোলা প্যাসেঞ্জার রুটে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ মেমু (MEMU) ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে। ঈদের সপ্তাহজুড়ে খাগড়াঘাট রোড স্টেশনে দূরপাল্লার নিয়মিত ট্রেনগুলোর অস্থায়ী স্টপেজ দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রাক্তন সাংসদ।

চিঠিতে অধীর চৌধুরী বলেন, “প্রতি বছর ঈদের সময় পর্যাপ্ত ট্রেনের অভাবে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। রেলমন্ত্রক যদি সময় থাকতে এই বিশেষ পদক্ষেপগুলি গ্রহণ করে, তবে কয়েক লক্ষ যাত্রী উপকৃত হবেন এবং তাঁদের উৎসবের আনন্দ সার্থক হবে।”

এখন দেখার, প্রাক্তন রেল প্রতিমন্ত্রীর এই প্রস্তাবে সাড়া দিয়ে পূর্ব রেল এবং রেল বোর্ড মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের জন্য কোনো বিশেষ প্যাকেজ ঘোষণা করে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *