নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বড়সড় ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে ‘স্থায়ী বাসস্থানের শংসাপত্র’ (Permanent Residence Certificate) একটি বৈধ নথিপত্র হিসেবে গণ্য করা হবে। রবিবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিককে (CEO) পাঠানো এক চিঠিতে কমিশন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
নির্বাচন কমিশন তাদের চিঠিতে উল্লেখ করেছে যে, পশ্চিমবঙ্গে স্থায়ী বাসস্থানের শংসাপত্র দেওয়ার প্রক্রিয়াটি মূলত রাজ্য সরকারের ১৯৯৯ সালের ২ নভেম্বরের একটি চিঠি এবং পরবর্তী সময়ে জারি করা বিভিন্ন আদেশের ভিত্তিতে পরিচালিত হয়। সেই নিয়ম মেনেই বর্তমানে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে এই নথি গ্রহণ করা হবে। তবে এই শংসাপত্র গ্রহণের ক্ষেত্রে কমিশন কয়েকটি নির্দিষ্ট শর্ত আরোপ করেছে। জনপ্রতিনিধিত্ব আইনের (Representation of the People Act) অধীনে কেবল উপযুক্ত বা সক্ষম আধিকারিক কর্তৃক ইস্যু করা স্থায়ী বাসস্থানের শংসাপত্রই বৈধ বলে বিবেচিত হবে। রাজ্য সরকারের বিজ্ঞাপিত কঠোর নির্দেশিকা মেনেই এই শংসাপত্রগুলি জারি করতে হবে। কোনো দায়সারা নথি গ্রহণযোগ্য হবে না।
কমিশন নির্দেশ দিয়েছে যে, এই নির্দেশিকা যেন সংশ্লিষ্ট সমস্ত নির্বাচনী আধিকারিকদের জানানো হয় এবং তাঁরা যেন এটি কঠোরভাবে পালন করেন। এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাতে কোনো প্রকৃত ভোটার নথি সংক্রান্ত সমস্যায় না পড়েন, সেদিকে নজর রাখতেই এই স্পষ্টীকরণ। রাজনৈতিক মহলের মতে, এসআইআর নিয়ে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের যে টানাপড়েন চলছিল, কমিশনের এই স্পষ্ট নির্দেশিকা সেই বিবাদ মেটাতে কিছুটা সহায়ক হতে পারে।