নিজস্ব সংবাদদাতা, সামসেরগঞ্জ: জালনোট পাচার এবং আন্তর্জাতিক মোবাইল চুরির চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলার সামসেরগঞ্জ থানার পুলিশ। পৃথক দুটি অভিযানে উদ্ধার হলো ৭৫ হাজার টাকার জালনোট এবং আইফোনসহ ৯৫টি দামী চোরাই মোবাইল। এই ঘটনায় মালদা ও মুর্শিদাবাদের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান ফেরিঘাট এলাকায় ওত পাতে সামসেরগঞ্জ থানার পুলিশ। সেখান থেকেই আসিঊর শেখ (২৬) নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তল্লাশি চালালে তার কাছ থেকে ১৫০টি ৫০০ টাকার জালনোট উদ্ধার হয়, যার বাজারমূল্য ৭৫ হাজার টাকা। ধৃত যুবকের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পার দেওনাপুর এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই জালনোটগুলি কোনো বড় চক্রের মাধ্যমে বাজারে ছড়ানোর পরিকল্পনা ছিল।

অন্যদিকে, একই দিনে হিজলতলা এলাকার একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ উদ্ধার করে ৯৫টি চোরাই মোবাইল। আশ্চর্যজনকভাবে, এর মধ্যে ২৪টি দামী আইফোন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় মোবারক হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি সামসেরগঞ্জের গামভারতলা গ্রামে। এত বিপুল পরিমাণ দামী মোবাইল কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সামসেরগঞ্জ থানা প্রাঙ্গণে একটি সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন এবং সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, “ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য জঙ্গিপুর আদালতে পাঠিয়ে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই জালনোট এবং চোরাই মোবাইল চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর মূল উৎস কোথায়, তা জানতে তদন্ত শুরু হয়েছে।”