২০২৬ নির্বাচনের দামামা: বহরমপুরে ডিসিআরসি ও স্ট্রং রুমের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলাশাসক ও পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা শুরু হলো মুর্শিদাবাদ জেলায়। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই ভোট পরিচালনার প্রাথমিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বৃহস্পতিবার বহরমপুরে এক উচ্চপর্যায়ের সরেজমিন পরিদর্শন সারলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

এদিন বহরমপুর গার্লস কলেজ ও সংলগ্ন এলাকা পরিদর্শনে যান মুর্শিদাবাদের জেলাশাসক নিতিন সিঙ্ঘানিয়া (IAS), জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার (IPS), অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) চিরন্তন প্রামাণিক, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) পি প্রমোদ (IAS) এবং সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়। সঙ্গে ছিলেন ডিপিএলও (DPLO) সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

প্রশাসন সূত্রে খবর, সদর মহকুমার ৫টি বিধানসভা কেন্দ্র- বেলডাঙা, রেজিনগর, হরিহরপাড়া, নওদা ও বহরমপুরের নির্বাচনী কাজকর্ম পরিচালনার জন্য বহরমপুরের YMA মাঠকে ডিসিআরসি (Distribution & Collection Centre) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিন পরিদর্শনকালে মহকুমা শাসক ও জেলাশাসক মাঠের পরিকাঠামো খতিয়ে দেখেন। বিশেষ নজর দেওয়া হয়েছে ভোটকর্মীদের প্রবেশ ও প্রস্থান পথের সুশৃঙ্খল বিন্যাস। বিপুল সংখ্যক যানবাহনের পার্কিং ব্যবস্থা। ভোটকর্মীদের জন্য অস্থায়ী শেড, পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ সংযোগ ও শৌচালয়ের সুব্যবস্থা। জরুরি পরিষেবার জন্য দ্রুত যাতায়াতের পথ সুনিশ্চিত করা।

প্রশাসন সুত্রে খবর ভোট পরবর্তী সময়ে ইভিএম (EVM) ও ভিভিপ্যাট (VVPAT) সংরক্ষণের জন্য বহরমপুর গার্লস কলেজকে স্ট্রং রুম হিসেবে ব্যবহার করা হবে। এদিন জেলাশাসক ও পুলিশ সুপার কলেজ ভবনের নিরাপত্তা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন।

স্ট্রং রুমের নিরাপত্তার জন্য যেসব বিষয়ে জোর দেওয়া হয়েছে ২৪ ঘণ্টা সিসিটিভি কাভারেজ ও কন্ট্রোল রুম। অননুমোদিত প্রবেশ রুখতে কঠোর নিরাপত্তা বেষ্টনী। অগ্নিনির্বাপণ ব্যবস্থার আগাম মহড়া ও সরঞ্জাম মোতায়েন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের পাশাপাশি জেনারেটর ব্যাকআপের ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *