সিকিমে ১৩০ জন পর্যটক আটকে, খারাপ আবহাওয়ায় বিলম্বিত উদ্ধার অভিযান


সিকিমের লাচেন ও চাটেনে প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে প্রায় ১৩০ জন পর্যটক আটকে পড়েছেন। খারাপ আবহাওয়ার কারণে এখনো হেলিকপ্টারে উদ্ধার অভিযান শুরু করা যায়নি, তবে সবাই নিরাপদে রয়েছেন।


নিউজ ফ্রন্ট, ৪ জুন:
সিকিমের মঙ্গন জেলার লাচেন ও চাটেন এলাকায় ক্রমাগত খারাপ আবহাওয়ার জেরে এখনো উদ্ধার কাজ শুরু করা যায়নি। আটকে থাকা প্রায় ১৩০ জন পর্যটক আপাতত লাচেনের হোটেলগুলিতে নিরাপদে রয়েছেন।

আবহাওয়ার অবনতির কারণে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার চালানো সম্ভব হয়নি। তবে সরকারি সূত্রে জানা গেছে, বায়ুসেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) সবরকম বিকল্প ব্যবস্থা খতিয়ে দেখছে যাতে দ্রুত ওই পর্যটকদের নিরাপদে উদ্ধার করা যায়।

গতকাল ৩৪ জন পর্যটককে সফলভাবে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। যদিও লাচেনে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা বিপর্যস্ত, তবে NDRF-এর স্যাটেলাইট ফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়েছে।

পরিস্থিতি খতিয়ে দেখতে সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর মঙ্গলবার গ্যাংটকের সিংথাম এলাকায় যান । তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রশাসনকে পর্যাপ্ত সাহায্য প্রদান করার নির্দেশ দেন।

এদিকে পর্যটন দপ্তর জানিয়েছে, ভূমিধসের কারণে লাচেন ও লাচুং যাওয়ার রাস্তা আপাতত বন্ধ রয়েছে। তবে সিকিমের অন্যান্য পর্যটনস্থলে যাতায়াতে কোনও সমস্যা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *